
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.খলিলুর রহমান মল্লিক এবং একই বাড়ির কৃষক শাহআলম মিয়ার তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন মির্জাগঞ্জ ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সবুর হাওলাদার।
গরুর মালিক বিএনপি নেতা মো. খলিলুর রহমান মল্লিক বলেন, শনিবার দিনে মাঠে ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হয়। প্রচণ্ড গরমে রাতে শাহ আলম ও আমার তিনটি গরু গোয়াল ঘরের পাশে বাগানে রাখা হয়। রোববার সকালে গিয়ে দেখি তিনটি গরুর একটিও নেই। পরে বিষয়টি থানার পুলিশকে অবহিত করি। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে তিনটি গরু চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।