
সুনামগঞ্জের দিরাইয়ে ইঁদুর মারার বিষ খেয়ে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- মির্জাপুর গ্রামের কুঞ্জন মিয়ার ছেলে মাহফুজুর রহমান এবং তার স্ত্রী ও একই গ্রামের মোর্শেদ মিয়ার মেয়ে মনিকা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর ও মনিকা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে গত ৫ মাস আগে পরিবারের অমতে লুকিয়ে বিয়ে করেন। শুরুতে ছেলের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তারা মেনে নেন এবং ওই বাড়িতেই তারা যৌথ পরিবারে বসবাস শুরু করেন। তবে রোববার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে দুজনেই ইঁদুর মারার বিষ পান করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামী মাহফুজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।