
দেশের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রীতি সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সম্পাদক জহুরুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার, পাবনা-৪ আসনের সংসদ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
পরে মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা ও মুহিনসহ বিশিষ্ট শিল্পীরা। র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে কেক কেটে মিষ্টিমুখের মধ্য দিয়ে ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। তিন দিনব্যাপী আয়োজিত নানা অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যসহ পাবনার বিশিষ্ঠজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একেএম আজিজুল হক ও সম্পাদক ছিলেন রণেশ মৈত্র। একইদিন দু’দিন ব্যাপী সম্মেলনের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের সেসময়কার একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্য যুক্ত হন।