ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে হাজারও মানুষ

পীরগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে হাজারও মানুষ

রংপুরের পীরগঞ্জ পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকাজুড়ে এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এলাকার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে জীবন কাটাচ্ছে। সরেজমিন দেখা গেছে,্ উপজেলার একতার বাজারসংলগ্ন ভেলামারী বিল, পাঁচগাছি, পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাচকাউনি, আমোদপুর, কাজিপাড়া, নাইয়াপাড়া, কুলুবনসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বর্ষাকাল আসলেই পানিবন্দি হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল এলেই গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। একতার বাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। হাঁটু সমান পানি বিদ্যালয়ের মাঠে। কৃষকরা আমন ধানসহ বিভিন্ন রবি শস্য উৎপাদন করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক পরিবারের বসতঘরেও পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় বাসিন্দা ছবিজল মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই আমাদের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কষ্ট করছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। পানি নিষ্কাষনের কার্লভাটের সামনে বসতবাড়ি নির্মাণ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে ।

এলাকার মেহেদী হাসান বলেন, জলাবদ্ধতার কারণে কৃষি জমিতে চাষাবাদ করা সম্ভব হয় না। বছরের পর বছর একই সমস্যা হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। শুধু ইরি ধান ছাড়া আমন চাষ করা যায় না। পাঁচগাছি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও অতীতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইউপি সদস্য সাদা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছরের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, এ বিষয়টি আমি জেনেছি। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত