
ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ১ চোরাকারবারিসহ ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন মালামাল আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবি। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটক মাইকেল রায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া জয়নন্দহাট গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে।
প্রস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দিনাজপুর জেলার কাহারোল থানার ‘সৈয়দপুর পানুয়াপাড়া’ নামক স্থানে অভিযান চালিয়ে মাইকেল রাকে আটক করে। আটকের সময় ৩৫ কেজি ওজনের (দৈঘ্য-৩০ ইঞ্চি ও প্রস্থ-১৫ ইঞ্চি) ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকার অধিক। এছাড়াও তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন এবং ১টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।