
রংপুর মহানগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৬ মণ (৬৩৪ কেজি) চোরাই তামার তার ও তামার পাইপবোঝাই একটি ট্রাক জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। একই অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, চুরি, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদক, জুয়া, প্রতারণা, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। মহানগরবাসীর জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আরপিএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।