
সাতক্ষীরায় সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া সড়কের দুই ধারে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সড়ক, গ্রাম ও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজ সাতক্ষীরা গড়তে সদর উপজেলার কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই ধারে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।