ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ, আটক ১

নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ, আটক ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বন্ড সুবিধায় আমদানি করা ভ্যাট বিহীন ৮০ কাউন্টের সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা সুতার কার্টনে CHINA ORIGIN Ges CM80S/1 লেখা রয়েছে । এ সময় গুদাম ও সুতার মালিক জাহাঙ্গীর (৫৫) কে আটক করা হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, আটককৃত সুতা ও ব্যক্তি পুলিশের জিম্মায় আছে। এখন পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষ ও বিটিএমএ এর লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। আমাদের পুলিশ সেখানে রয়েছে তাদের সহযোগীতা করছে। কাজ শেষে বিটিএমএ এর সিদ্ধান্ত অনুযায়ি পরর্বর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে গত শনিবার বিকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গুদামে বস্তা ও কার্টুনে রাখা সুতা জব্দ করা হয়। সুতার মালিক আটক জাহাঙ্গীর বলেন, এই সুতা আমি নারায়ণগঞ্জ টানবাজার থেকে কিনে এনেছি। তবে এটি কোন পোশাকশিল্প কারখানার বন্ডে আমদানি করা হয়েছে, তা আমার জানা নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় মডার্ন টেক্সটাইলে পাঠানো একটি নসিমন গাড়ি থেকে প্রথমে বন্ডের কিছু সুতা আটক করা হয়। ওই ঘটনার সূত্র ধরে আড়াইহাজারের পুরিন্দা এলাকার জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স নামে ওই গুদামের সন্ধান পায় কাস্টমস কর্তৃপক্ষ। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা জব্দ ও গুদাম মালিক জাহাঙ্গীর (৫৫) কে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানার জন্য সরকারি শুল্ক-কর সুবিধায় আমদানি করা এসব বন্ডের সুতা নির্ধারিত ব্যবহারের বাইরে স্থানীয় বাজারে বিক্রি করা নিষিদ্ধ।

অভিযোগ রয়েছে, শুল্ক-সুবিধায় আমদানি করা এসব সুতা খোলাবাজারে বিক্রি করে অধিক মুনাফা করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ঘটনায় বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হলে একদিকে সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়, অন্যদিকে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ বাদল বলেন, নরসিংদী ও নারায়ণগঞ্জে আটক সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়া অনুসরণ করা হলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

তিনি আরও বলেন, শুধু পণ্য আটক করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে এবং কীভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে পণ্যটি চলে গেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

সংশ্লিষ্টরা বলছেন, বন্ড সুবিধার অপব্যবহার রোধে আমদানি থেকে শুরু করে পণ্য খালাস, পরিবহন, কারখানায় ব্যবহার এবং উৎপাদিত পণ্যের রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি জোরদার করা প্রয়োজন। তা না হলে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধভাবে ব্যবসা করা শিল্পপ্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়তে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত