
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। রোববার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ৫৩ বিজিবির রঘুনাথপুর বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের কালামের বাড়ির সামনে অবস্থান নেয়।
এ সময় সেখানে একটি খড়ের স্তূপের নিচে কালো বালতির ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানটি ঘিরে রাখে বিজিবি। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৯টি ককটেল উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর আড়াইটার দিকে উদ্ধার ককটেলগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।