
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীর সঙ্গে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সটির মেঝে ও বারান্দা জুড়ে ভর্তি কৃত এ রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কেন্দ্রটিতে শনিবার দুপুরের পুর্ব পর্যন্ত ৯৫ জন রোগী ভর্তি ছিল ।
এর মধ্যে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন নারী। চিকিৎসাধীন সরলিয়া গ্রামের তোফেলা বেগম ও বাহারুল এর মতে তারা ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে এসে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বিষয়টি জানতে পারেন। একই অবস্থা রায়পুরের রাখিনি, আব্দুর রউফ ও সুজার কুঠির জিম এর। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে অন্যন্য রোগীর সংখ্যাও বেড়ে গেছে। ফলে শয্যা সংখ্যা কমের কারনে রোগীদের মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে ।
এতে রোগীদের দ্রত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যেমন বিলম্ব ঘটছে, সংশ্লিষ্ট চিকিৎসকদেরও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে।
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত ১১ জনের মধ্যে ৮ জনই ঢাকা কিংবা গাজীপুরে অবস্থানকালিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। আর রোগীর সংখ্যা বাড়লেও আমরা সাধ্যমত চিকিৎসা সেবা অব্যহত রেখেছি।