
কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। এতে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন সদস্য ও বখাটেপনায় জড়িত মোট ৩৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়। অপরাধ দমনে এটি জেলা পুলিশের ৫ম দফা অভিযান। জেলায় এ পর্যন্ত ৫ দফা অভিযানে মোট ২০৩৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চার দফা অভিযানে ১৬৭২ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাচাই বাছাই করে ৯৩০ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়, অন্য ৭৪২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শনিবার সকালে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন পয়েন্টে যেখানে উঠতি বয়সের কিশোর ও বখাটেদের আনাগোনা বা উৎপাত বেশি, সেসব এলাকা চিহ্নিত করে একযোগে এই সাঁড়াশী অভিযান চালানো হয়। অভিযানে আটক ৩৬৩ জনের অপরাধের ধরন ও সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় সাধারণ বা নিরপরাধ কোনো মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ প্রশাসন।
অভিযান শেষে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, গ্যাং কালচার বা মাদকের সাথে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত এমন পদক্ষেপ গ্রহণ করছে। কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।