
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণামূলকভাবে টাকা আদায়ের সময় তিন প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জনের একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে মাদ্রাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। গতকাল রোববার মালিক সুপার মার্কেট এলাকায় তাদের সন্দেহজনক ঘোরাঘুরি ও টাকা তুলতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।
একপর্যায়ে জালিয়াতির বিষয়টি ফাঁস হয়ে গেলে স্থানীয় জনতা প্রতারক চক্রটিকে ধাওয়া করে। এ সময় জনগণের রোশনালে পড়ে ৫ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ৩ জনকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া ভুয়া রশিদ বইতে দনাজমুল হোসাইন বিপ্লবী' নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এমন অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।
দামুড়হুদা থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং ভুয়া রশিদ চক্রের পলাতক বাকি ৫ সদস্যকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।