ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে যুবদল নেতা বহিষ্কার

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে যুবদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়াসহ সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সস্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ও দলের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইল সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপিত আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে তার মনের কষ্ট বা ক্ষোভের কারণ উল্লেখ করেননি। পরে এ বিষয়ে জানতে চাইলে রফিকুল বারী রুবেল চৌধুরী বলেন, রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের 'র'-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত। এমন পোস্ট করার একদিন পর অবশ্য তিনি ফেসবুক থেকে তা মুছে ফেলেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত