ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মানবিক কাজের স্বীকৃতি পেলেন এএসআই শাহজালাল

মানবিক কাজের স্বীকৃতি পেলেন এএসআই শাহজালাল

মানুষের বিপদে পাশে দাঁড়ানো, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহজালাল (নিরস্ত্র)। সম্প্রতি ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ শাখার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুলিশের দায়িত্ব কেবল অপরাধ দমন কিংবা আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানো, হারানো সম্পদ ফিরে পেতে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি করাও একজন মানবিক পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এএসআই মো. শাহজালালের কর্মকাণ্ডে সেই মানবিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা যায়, দায়িত্ব পালনের পাশাপাশি এএসআই শাহজালাল নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডে সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেছেন। তার আন্তরিকতা, দায়িত্বশীল আচরণ ও দ্রুত পদক্ষেপ অনেকের কাছে পুলিশের জনবান্ধব ভূমিকার ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।

এএসআই শাহজালালের পেশাগত নিষ্ঠা ও মানবিক কর্মকান্ডকে উৎসাহিত করতে এবং সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ শাখা এ সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় তারা এএসআই মো. শাহজালালের কর্মনিষ্ঠা ও জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তার ভবিষ্যৎ সাফল্য ও পেশাগত জীবনের সমৃদ্ধি কামনা করেন।

সামাজিক জীবনে ভালো কাজের স্বীকৃতি একজন মানুষকে আরও অনুপ্রাণিত করে। একই সঙ্গে অন্যদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহ জোগায়। এএসআই শাহজালালের হাতে তুলে দেওয়া এই সম্মাননা স্মারক তাই কেবল একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; এটি দায়িত্বশীলতা, মানবিকতা ও জনসেবার প্রতি শ্রদ্ধা জানানোও একটি উদ্যোগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত