
চুয়াডাঙ্গা শহরে অবৈধভাবে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সদর হাসপাতাল সড়কে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়। অভিযানে ঢাকা বিরিয়ানি হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার রেখে দেওয়ার বিষয়টি পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক আবিল শরীফকে প্রশাসনিক ব্যবস্থায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এ ছাড়া লন্ড্রিগুলোকে যথাযথ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে খাদ্যপণ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।