
নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলিকে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে 'রিভার্স নিউজ' নামের একটি ফেসবুক আইডির অ্যাডমিনের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক ওয়ালী হাসান কলি। জিডি নম্বর ১৩০৭। গত রোববার রাতে দুর্গাপুর থানায় জিডি করা হয়। গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের জিডির বিষয়টি অবহিত করা হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর 'রিভার্স নিউজ' নামের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ওয়ালী হাসান কলিকে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া গত শনিবার দুপুরে 'রিভার্স নিউজ' নামের ফেসবুক আইডি থেকে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকে নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় করার উদ্দেশ্যে গত দুই মাস ধরে ওই আইডি থেকে তার ছবি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি ও প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সাংবাদিক ওয়ালী হাসান কলির অভিযোগ, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর মধ্যে ওই ফেসবুক আইডি থেকে ভয়েস মেসেজে হুমকি পাওয়ায় তার উদ্বেগ আরও বেড়েছে।
নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রমাণ সংরক্ষণের উদ্দেশ্যে ভয়েস রেকর্ড ও ফেসবুকের সংশ্লিষ্ট পোস্টসহ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওয়ালী হাসান কলি ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, একজন সাংবাদিককে ভয়েস মেসেজ পাঠিয়ে হত্যার হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জিডির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডিটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।