
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে উপজেলার সাঁইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক। অভিযুক্ত আনোয়ার হোসেন নিহতের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদকে আসক্ত বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, সারা রাত বাইরে থেকে ভোরে বাসায় ঢুকেন আনোয়ার হোসেন। ঘরে ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা আবদুস সামাদ টের পেয়ে তাকে থামানোর চেষ্টা করেন। এক পর্যায় বাবার সঙ্গে টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরে দুজনে কথাকাটাকাটির এক ফাঁকে ছেলে আনোয়ার হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে বাবাকে বেধরক মারধর করতে থাকে। এসময় অন্যরা তাকে বাধা দিয়ে ব্যর্থ হন। পরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবদুস সামাদ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীপুর ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।