
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার কামরাঙ্গার তল নামক স্থানে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করার উদ্দেশ্যে তিন শ্রমিক অটোভ্যানে করে ঘটনাস্থলে আসেন। পরে মহাসড়কের পাশে অটোভ্যানটি দাঁড় করানো হলে পেছন দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক। এ সময় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে আহত অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত পান শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।