
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) ও কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসেম নামে আরও এক ব্যক্তি। সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেকবর আলী সরকার উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। অপর নিহত কাইয়ুম দেওয়ান ও মো.হাসেম গয়াতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করে নেকবর আলী সরকার, কাইয়ুম দেওয়ান ও হাসেম বাড়ি ফিরছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী বালুভর্তি একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় নেকবর আলী সরকার ঘটনাস্থলেই মারা যান। অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। আহত মো.হাসেম চিকিৎসাধীন রয়েছেন। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। অপর ব্যক্তি হাসেম চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ড্রাম ট্রাকের চালককে পাওয়া যায়নি। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।