
দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে নিষিদ্ধ ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকা ও চিরাং ইউনিয়নের কালিয়ানের বিলে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন জানান, চায়না দুয়ারি জালে ডিমওয়ালা মাছ ও ছোট পোনা মাছ নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। একদিকে বড় মাছের পাশাপাশি ছোট মাছও নিধন হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিকভাবে মাছের বংশবৃদ্ধির সুযোগ কমে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ে দেশীয় মাছের প্রাপ্যতা ও জলজ জীববৈচিত্র্যের ওপর। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের জাল তৈরি, বিক্রি ও ব্যবহার আইনত নিষিদ্ধ। তারপরও বিভিন্ন জলাশয়ে এসব জালের ব্যবহার দেশীয় মাছের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছে।
স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।