
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান তন্ময়। জানা যায়, রিটেইল দোকান ও ডিলার পয়েন্টগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মিয়ার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি ডিলার পয়েন্টকে ২০,০০০ টাকা এবং অপর দুটি রিটেইল দোকানের প্রতিটিকে ৫,০০০ টাকা করে মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী বর্তমানে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ২,০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত ০২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা থেকে কার্যকর ও প্রযোজ্য হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।