
সিরাজগঞ্জ সদর উপজেলার ভেড়ামারা বাজারে একটি মার্কেটে এম এ ওয়াদুদ নামে এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা। এ জরিমানা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই ভুয়া চিকিৎসক বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে দেখা যায়।