
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগে এ.টি.এম. সামছুজ্জামান (৪৪) নামের বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে এসআরবি সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত এ.টি.এম. সামছুজ্জামান বিরামপুর শহরের কৃষ্ট চাঁদপুরের মনিরুদ্দীনের ছেলে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কৃষ্টচাঁদপুর এলাকায় পারিবারিক বিষয় নিয়ে সামছুজ্জামান ও তার ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হন অটোরিকশাচালক মুকুল (৩৮)। পরে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিরামপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।