
মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে 'ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট' (মৎস্য অধিদপ্তর অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল রাজ্জাক ভূঁইয়া হীরা, উপজেলা খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় পোনামাছ অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা হলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।