
ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফর হাজী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় জাফর হাজীসহ ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।