
মাথা গোঁজার ঠাঁই পেয়ে একসময় স্বস্তি ফিরেছিল ফাতেমা খাতুনের সংসারে। স্বামী দিনমজুরের কাজ করেন চট্টগ্রামে। তিন সন্তানকে নিয়ে ফেনী শহরতলীর ধর্মপুরের তালতলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন তিনি। কিন্তু সেই ঘরই এখন তার দুশ্চিন্তার কারণ।
দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা। ঘরের অবস্থা দেখে কখন কী হয়, সেই আতঙ্কে দিন কাটছে তার। সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, সেই চিন্তাও তাড়া করে তাকে। ফাতেমার মতো এমন দুর্ভোগে পড়েছেন ফেনীর বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা আরও অনেক পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত এসব ঘরের অনেকগুলোতেই দেখা দিয়েছে ফাটল।
কোথাও দেয়ালের আস্তরণ খসে পড়ছে, কোথাও মেঝেতে ফাটল ধরেছে। বৃষ্টির সময় ফুটো টিন দিয়ে ঘরে পানি পড়ে। সামান্য ঝোড়ো বাতাসেও কোনো কোনো ঘর কেঁপে ওঠে বলে অভিযোগ আশ্রিত বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ছয় বছর না পেরোতেই ঘরগুলোর এমন বেহাল দশা হয়েছে। একসময় যে ঘর ছিল ভূমিহীন মানুষের নিরাপদ আশ্রয়, সেটিই এখন তাঁদের কাছে আতঙ্কের নাম। ঝুঁকি নিয়ে অনেকে সেখানে বসবাস করছেন।
আবার কেউ কেউ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নামমাত্র 'ঘর' নির্মাণের ফলে মাত্র তিন বছর পর থেকেই এসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফেনী শহরতলীর ধর্মপুরের তালতলা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয়েছিল ১৫টি ঘর। স্থানীয়দের ভাষ্য, এসব ঘরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। একই এলাকার বাকুয়া টিলায় নির্মিত ৫১টি ঘরের অবস্থাও নাজুক। নির্মাণের কয়েক বছরের মধ্যেই ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
বাকুয়া টিলার বাসিন্দা কবির আহম্মদ বলেন, ঘরগুলো নির্মাণের সময়ই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। তাঁর অভিযোগ, নির্মাণে বালুর পরিমাণ বেশি রাখা হয়েছে, সিমেন্ট ব্যবহার করা হয়েছে খুবই কম। ফলে দেয়াল ও অন্যান্য অংশের স্থায়িত্ব নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে।
একাধিক বাসিন্দা বলেন, গরিব মানুষকে থাকার জন্য ঘর দেওয়া হয়েছে, এটা অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু ঘর যদি কয়েক বছরেই নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ কোথায় থাকবে? আমাদের পক্ষে নিজেদের টাকায় এসব ঘর মেরামত করাও সম্ভব নয়। সরকার যেন ঘরগুলোর অবস্থা দেখে দ্রুত ব্যবস্থা নেয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঘরগুলোর বর্তমান অবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানালে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হবে। জেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কবে নাগাদ ঘরগুলো সংস্কার করা হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে বাসিন্দাদের।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে ফেনী জেলায় পাঁচ ধাপে মোট ১ হাজার ৬০৬টি আশ্রয়ণের ঘর নির্মাণ করা হয়। প্রথম দিকে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৪০ হাজার টাকায়। শেষ ধাপে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় ৩ লাখ ৫ হাজার টাকা। সরকারি অর্থে নির্মিত এসব ঘরের উদ্দেশ্য ছিল গৃহহীন মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত করা।