ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ আক্তারের

পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ আক্তারের

জীবনসংগ্রাম মানুষকে কখনো থামিয়ে রাখতে পারে না। অভাব-অনটন আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও যে মানুষ নিজের সততা, শ্রম ও স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে পারেন, আরিফুর রহমান আক্তার তাঁদেরই একজন। জীবিকার তাগিদে মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই কর্মজীবনে নামতে হয়েছে তাঁকে। তবে হতাশাকে সঙ্গী না করে বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক পেশা। ৯ বছর ধরে ভ্যানগাড়িতে করে সবজি, ফুল, ফল, ঔষধি ও বিভিন্ন প্রজাতির কাঠগাছের চারা বিক্রি করে চালিয়ে যাচ্ছেন জীবনসংগ্রাম।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুরআহম্মদ গ্রামের বাসিন্দা আরিফুর রহমান আক্তার। তাঁর বাবা মৃত মো. জমির আলী। তিন ভাই ও এক বোনের মধ্যে আক্তার এক ভাই। বোনের বিয়ে হয়েছে। এক ভাই বিয়ে করে পৃথকভাবে নিজ পরিবার নিয়ে বসবাস করছেন। বর্তমানে আক্তার ও তার আরেক ভাই রুবেল মিয়া মাকে নিয়ে একই সংসারে বসবাস করছেন। অভাবের সংসারে পরিবারের দায়িত্ব ও জীবিকার তাগিদে শৈশবেই পড়াশোনার ইতি টানতে হয় আক্তারকে।

অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর জীবিকার পথ হিসেবে বেছে নেন গাছের চারা বিক্রিকে। সেই থেকে শুরু তার পথচলা। দেখতে দেখতে কেটে গেছে নয়টি বছর। প্রতিদিন ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে পড়েন নতুন আশার সন্ধানে। শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে ভ্যানগাড়িতে সাজানো নানা প্রজাতির গাছের চারা বিক্রি করতে দেখা যায় তাঁকে। সারি সারি ছোট ছোট চারাগাছ যেন তার জীবনের স্বপ্নের প্রতিচ্ছবি। প্রতিটি চারার সঙ্গে জড়িয়ে আছে তাঁর পরিশ্রম, প্রত্যাশা আর স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা।

আক্তার জানান, জুলি নার্সারিতে এসব গাছের চারা উৎপাদন করা হয়। সেখান থেকে চারা সংগ্রহ করে তিনি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার চারা বিক্রি হয়। এতে দৈনিক প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা লাভ থাকে। এই আয় দিয়েই পরিবারের ভরণপোষণে ভূমিকা রাখছেন তিনি। তবে আক্তারের কাছে গাছের চারা বিক্রি কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। তিনি মনে করেন, মানুষের বাসাবাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হলে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়, অন্যদিকে পরিবেশও হয়ে ওঠে সবুজ ও সুন্দর।

সবজি ও ফলের গাছ থেকে পাওয়া যায় নিরাপদ খাদ্য, ফুলের গাছ বাড়ায় সৌন্দর্য, ঔষধি গাছ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উৎস হিসেবে কাজে আসে। আর কাঠগাছ ভবিষ্যতে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণে ভূমিকা রাখে। এভাবেই মানুষের হাতে হাতে গাছের চারা পৌঁছে দিয়ে প্রকৃতির সবুজায়নে নিজের সামান্য অবদান রাখতে চান আক্তার।

তিনি স্বপ্ন দেখেন, একদিন গাছের চারা বিক্রির এই পেশার মাধ্যমে নিজেকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। পরিবারের অভাব দূর করে মায়ের মুখে হাসি ফোটাবেন। পাশাপাশি আরও বেশি মানুষের কাছে বিভিন্ন প্রজাতির গাছের চারা পৌঁছে দিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনে নিজের অবস্থান তৈরি করবেন।

দাউদনগর বাজারের ব্যস্ততার মধ্যে ভ্যানগাড়িতে সাজানো চারাগুলোর দিকে তাকালে মনে হয়, এগুলো শুধু বিক্রির পণ্য নয়; এগুলো সম্ভাবনার প্রতীক, বেঁচে থাকার প্রেরণা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার এক নীরব আহ্বান।

আক্তার হয়তো কোনো বড় উদ্যোক্তা নন, নেই তাঁর বিশাল কোনো বিপণনকেন্দ্র। কিন্তু একটি ভ্যানগাড়ি আর অসংখ্য সবুজ চারাকে সঙ্গী করে তিনি যে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর এই শ্রমনির্ভর পথচলা আমাদের মনে করিয়ে দেয়-সৎভাবে উপার্জনের মধ্যে যেমন রয়েছে আত্মমর্যাদা, তেমনি একটি গাছের চারা বিক্রির মধ্যেও লুকিয়ে থাকতে পারে পরিবেশ রক্ষার মহৎ স্বপ্ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত