ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

১৩ বছরেও সন্ধান মেলেনি কুমিল্লার গুম হওয়া দুই বিএনপি নেতার

১৩ বছরেও সন্ধান মেলেনি কুমিল্লার গুম হওয়া দুই বিএনপি নেতার

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর পারভেজ গুম হওয়ার ১৩ বছর পেরিয়ে গেছে। বারবার তদন্ত সংস্থা বদল হলেও এখন পর্যন্ত তাদের কোনো হদিস বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনদের ফিরে পাওয়ার আশায় আজও প্রহর গুনছেন দুই পরিবারের সদস্যরা।

আদালত ও নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকা থেকে র‍্যাব সদস্যরা একটি অ্যাম্বুলেন্স আটক করে হিরু, পারভেজ ও বিএনপি নেতা জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান।

পরে জসিমকে থানায় হস্তান্তর করা হলেও ওই দুই নেতার আর খোঁজ মেলেনি। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ মে র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করা হয়। থানা-পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই ঘুরে মামলাটি বর্তমানে লাকসাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। এর আগে সিআইডি ঘটনাটিকে 'সাজানো' উল্লেখ করে প্রতিবেদন দিলে বাদী নারাজি দেন। বর্তমানে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, র‍্যাব তিনজনকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, পরে তাকে থানায় দিলেও বাকি দুজনকে গুম করে। নিখোঁজ হিরুর স্ত্রী ফরিদা ইসলাম হাসি ও পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার রানু জানান, দীর্ঘ ১৩ বছরেও তারা জানেন না তাদের স্বামীরা জীবিত আছেন কি না। মামলার বাদী গোলাম ফারুক ও নিখোঁজ দুই নেতার সন্তানেরা দ্রুত তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদ ও গুমের রহস্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী জানান, এ মামলাটি সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করছে, এর বেশি কিছু তিনি জানেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত