
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মধ্যেপাড়া মহল্লার রাকিব, সোহেল রানা, নারায়ণদহ মহল্লার সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়া মহল্লার আতিক । শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই সাবেক মেয়র আ.লীগ নেতাকে গ্রেপ্তারে ওই এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে স্থানীয় কয়েকশ লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করা হয়। অবশ্য এ অভিযানকালে ওই সাবেক মেয়র বাসভবনে ছিলেন না। এ সংবাদে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।