ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রয়োজন ব্যাপক সম্প্রসারণ

মসলা উৎপাদনে গবেষণার সাফল্য

মসলা উৎপাদনে গবেষণার সাফল্য

বাংলাদেশের কৃষি গবেষণায় নীরব কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাফল্যের নাম মসলাজাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় উপকরণ হিসেবে মসলা আমাদের খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলেও দীর্ঘদিন ধরে দেশের চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়েছে। এ বাস্তবতায় দেশীয় বিজ্ঞানীদের গবেষণায় ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত এবং ১৫০টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন নিঃসন্দেহে আশাব্যঞ্জক খবর। তবে গবেষণাগারের এই সাফল্যকে মাঠপর্যায়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বগুড়ার শিবগঞ্জের মসলা গবেষণা কেন্দ্র দেশের মসলা গবেষণার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন এই বিশেষায়িত কেন্দ্র থেকে উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পেঁয়াজ, রসুন, হলুদ ও আদার মতো গুরুত্বপূর্ণ মসলার উৎপাদনে দেশের অগ্রগতি তারই প্রমাণ।

বিশেষ করে বস্তায় আদা চাষ, উন্নত জাতের হলুদ ও পেঁয়াজ উৎপাদনসহ আধুনিক চাষাবাদ পদ্ধতি কৃষকের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বর্তমানে দেশে প্রায় ৪ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন মসলা উৎপাদন হচ্ছে। কিন্তু সংরক্ষণজনিত ২৫ থেকে ৩০ শতাংশ ক্ষতির কারণে প্রকৃত উৎপাদন কমে প্রায় ৩৪ লাখ মেট্রিক টনে দাঁড়ায়। অন্যদিকে দেশের মসলা চাহিদা প্রায় ৪৭ লাখ ৮৮ হাজার মেট্রিক টন। ফলে বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। এখানেই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি। আমাদের কৃষিতে একটি বড় সমস্যা হলো, উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে সেই উৎপাদনের পুরো সুফল পাওয়া যায় না। মরিচের ক্ষেত্রেও এর উদাহরণ রয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও সংরক্ষণব্যবস্থার অভাবে ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ হাজার মেট্রিক টন মরিচ আমদানি করতে হয়েছে। কাঁচা মরিচ শুকিয়ে গুঁড়া করার জন্য চিলি ড্রায়ার ব্যবহারের উদ্যোগ তাই অত্যন্ত সময়োপযোগী। একইভাবে পেঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য মসলার আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগও ইতিবাচক ফল দিয়েছে। এ ধরনের প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা প্রয়োজন। পেঁয়াজ ও রসুন পচনশীল হওয়ায় পর্যাপ্ত আধুনিক সংরক্ষণাগার ও কোল্ড স্টোরেজ গড়ে তোলা জরুরি। এতে একদিকে কৃষকের উৎপাদিত পণ্য নষ্ট হওয়া কমবে, অন্যদিকে বাজারে সারা বছর সরবরাহ বজায় রেখে কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

আমদানিনির্ভর মসলা উৎপাদনে গবেষণার সম্প্রসারণও এখন সময়ের দাবি। জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা ও অন্যান্য মূল্যবান মসলা দেশের উপযোগী এলাকায় বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে হবে। জিরা চাষে সাম্প্রতিক উদ্যোগ বিশেষভাবে আশাব্যঞ্জক। ২০২৫ সালে ৫০ বিঘা জমিতে সফল চাষের পর চলতি বছর ১৩০ বিঘা জমিতে জিরা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছর যে মসলা আমদানিতে বিপুল অর্থ ব্যয় হয়, দেশেই তার একটি অংশ উৎপাদন করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তবে সব মসলা যে দেশের সব অঞ্চলে চাষযোগ্য, তা নয়। মাটি, আবহাওয়া ও জলবায়ুর উপযোগিতা বিবেচনা করে অঞ্চলভিত্তিক গবেষণা ও পরিকল্পনা নিতে হবে। সম্ভাবনাময় এলাকাগুলো চিহ্নিত করে সেখানে উন্নত বীজ, চারা, প্রশিক্ষণ, কৃষিঋণ এবং বাজারসুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণে সরকারি উদ্যোগ জোরদার করতে হবে।

দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে। এখন প্রয়োজন গবেষণায় আরও বিনিয়োগ, আধুনিক গবেষণাগার, পর্যাপ্ত বাজেট এবং গবেষণার ফল দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা। উৎপাদন বৃদ্ধি ও সংগ্রহ-পরবর্তী ক্ষতি কমানো—এ দুই লক্ষ্য একসঙ্গে বাস্তবায়ন করতে পারলেই মসলা খাতে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। কৃষক লাভবান হবেন, ভোক্তারা পাবেন স্থিতিশীল সরবরাহ এবং দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে। গবেষণার সাফল্যকে মাঠের সফলতায় রূপ দেওয়ার সময় এখনই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত