
নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয়। অভিনেত্রী সামিয়া অথৈ সামাজিক মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, দৃশ্যের বাইরে তানজিন তিশা তাকে একাধিকবার চড় মেরেছেন এবং এতে তার গাল ও চোখ ফুলে গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছেন, যা ঘটেছে তা শুধু চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে।
এছাড়াও সহশিল্পীর আনা মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুটিং সেট থেকেই নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ পুরো টিম নিয়ে লাইভে আসেন তানজিন তিশা। সেখানে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সে যে আমার নামে মিথ্যা কথা বলছে সেজন্য আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উলটাপালটা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সে বলছে, আমার গায়ে থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এগুলো আসলে কি!