ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদের সিনেমায় জুটি সিয়াম-তুষি

ঈদের সিনেমায় জুটি সিয়াম-তুষি

২০২৪ সালের ডিসেম্বরে প্রথম সিনেমা 'প্রিয় মালতী' দিয়ে চমকে দিয়েছিলেন শঙ্খ দাশগুপ্ত। পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন মেহজাবীন চৌধুরী। বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শঙ্খ। ২০২৭ সালে ঈদুল ফিতরে মুক্তি পাবে তার নতুন সিনেমা 'আবার দেখা হলে'। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তারা। বড় পর্দায় সিয়াম-তুষির নতুন রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।

তারকার চমক এখানেই শেষ নয়। 'আবার দেখা হলে' সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রেজওয়ান পারভেজ।

সিনেমাটি প্রযোজনা করছে 'ফিল্মি ফিচারস'। সিনেমাটির সঙ্গে সহ-প্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি' ইন অ্যাসোসিয়েশন উইথ এমআইবি স্টুডিওস।

'প্রিয় মালতী'র পর চলতি বছর চরকিতে মুক্তি পাওয়া 'চা গরম' সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। নির্মাতা জানান, 'আবার দেখা হলে' ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়ে।

শঙ্খ দাশগুপ্ত বলেন, গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকেরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।

গল্পের ধরন জানিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে, যদি কেউ তার নিজেকে চিন্তা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত