ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কাঁপছে ভোটের মাঠ

ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখব

বললেন জামায়াত আমির
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখব

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে। পেছনের লোকেরা পেছনে পড়ে থাকবে, আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর তুলে মর্যাদা দিয়ে রাখা হবে। গতকাল সোমবার কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে সবখানেই ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। ডা. শফিকুর রহমান বলেন, ?‘১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ পাবে দেশবাসী। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুব্যবস্থা করা হবে। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।’ তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন।

হেভিওয়েট ১২ তারিখ মাপা হয়ে যাবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘কক্সবাজারের অনেক আসনে নাকি হেভিওয়েট প্রার্থী আছে। তারা আমাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে। আমাদের দাঁড়িপাল্লায় রায় দিয়ে তাদের ওয়েট মাপবে জনগণ।’ জামায়াত আমির বলেন, ‘জুলাই যোদ্ধাদের দাবি ছিল কাজ, বেকার ভাতা নয়। শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দিয়ে বলবো, এবার এগিয়ে যাও। কাজের মধ্য দিয়ে প্রমাণ করো তুমিই বাংলাদেশ।’ কক্সবাজার কেন সিঙ্গাপুর ও সাংহাই হতে পারলো না- এমন প্রশ্ন রেখে ডা. শফিকুর রহমান বলেন, ‘কক্সবাজারের চারটি আসন ১১ দলকে তুলে দিলে নুরের মেলায় একটি সুশৃঙ্খল পর্যটন জেলা উপহার দেওয়া হবে।’

বাজেটের ৪ গুণ টাকা বিদেশে পাচার হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে উদ্ধার হবে : বাজেটের ৪ গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেই টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। এরপর লোহাগড়ার সমাবেশ তিনি বলেন, ‘যারা ২৪ স্বীকার করে না, তাদের লাল কার্ড দেখানো হবে। যে যুবকরা বুলেটকে ভয় পায়নি, তারাই আগামীর বাংলাদেশ গড়ে ১৩ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে।’

এসময় তিনি বলেন, ‘এ মহেশখালীকে ইকোনমিক জোন হিসেবে গড়ে তুলে নারী-পুরুষ, মুসলিমণ্ডহিন্দু সব ধর্মের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ সমাবেশে জামায়াত আমির বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপী প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে এদেরকে লাল কার্ড দেখাবে জনগণ।’

ভোট কেড়ে নিতে আসলে হাত গুঁড়িয়ে দিব : জামায়াতে আমির শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। সেই দিন শেষ। আমার ভোট আমি দেবো, তোমারটা তুমি দাও। কিন্তু আমার ভোট কেড়ে নিতে আসলে হাত গুঁড়িয়ে দিব।’ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মঞ্চে উঠে শফিকুর রহমান চট্টগ্রামবাসীর কাছে তাদের ভাষায় জানতে চান, ‘অনারা গম আছন নি (আপনারা কি ভালো আছেন)?’ তিনি বলেন, ‘গত ৫৪ বছরে দেশে কিছুই হয়নি, এ কথা বললে ভুল হবে। তবে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল, ততটা হয়নি। কারণ, যারা ভোটের আগে মিষ্টি কথা বলেছে, ভোট শেষ হতেই তারা সুর পাল্টে ফেলেছে।’

জামায়াত আমির বলেন, ‘জুলাইয়ে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)। তোমার পাওনা তুমি নাও, আমার পাওনা আমাকে দাও।’ ‘যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেশের অতি শিক্ষিত ছেলেমেয়েরা বলে দিয়েছে আমরা চাঁদাবাজদের পক্ষে নেই,’ যোগ করেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা দলীয় সরকারের রাজত্ব কায়েম করতে চাই না, পরিবারতন্ত্র চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার।’

যারা চব্বিশকে বিশ্বাস করে না তাদের জন্য ছাব্বিশে লালকার্ড : যারা চব্বিশকে বিশ্বাস করে না তাদের জন্য ছাব্বিশে লালকার্ড বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে, সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ঢাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে। সব জায়গায় একই চিত্র। সোমবার আড়াইটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ। আমরা চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ চাই। আমরা মামলাবাজমুক্ত বাংলাদেশ চাই। আমরা ব্যাংক ডাকাতমুক্ত বাংলাদেশ চাই। আমরা ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তিনি বলেন, রাজনীতির নোংরা পথ দিয়ে আর হাঁটা যাবে না, রাজনীতির পরিষ্কার সদর রাস্তা দিয়ে হাঁটতে হবে। জুলাইযোদ্ধা ও শহীদদের কথা দিচ্ছি- আমরা তোমাদের সঙ্গে বেঈমানি করবো না। আমরা আমাদের জীবন দেবো, কিন্তু জুলাই কাউকে দেবো না।

ডা. শফিকুর আরও বলেন, জুলাই আন্দোলনে মায়েরা যেদিন রাস্তায় নেমে এসেছিল, সেদিন স্বৈরাচার বুঝেছিল- তাদের আয়ু শেষ। দিশেহারা হয়ে ৩১ জুলাই সম্পূর্ণ বেআইনিভাবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ৫ আগস্টের পর কিছু লোক রাস্তাঘাটে, বিভিন্ন স্ট্যান্ডে, দোকানে, মিল-ফ্যাক্টরি-কারখানায়, ঘরবাড়িতে সব জায়গায় গিলে বললো- ‘আমি চাঁদাবাজ, আমার অংশ আমাকে দাও, আমার অংশ না দিয়ে তুমি কিছু করতে পারবা না।’

তিনি আরও বলেন, চাঁদাবাজির দিন শেষ হবে। পরিশুদ্ধ হয়ে ফিরে আসো, শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদেরও মর্যাদার কাজ তুলে দেবো। চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না। গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, যারা ন্যায় ইনসাফের বাংলাদেশ চায় না, তারা পুরনো বন্দোবস্ত চায়। তারাই যেনতেন একটি বাংলাদেশ চায়। পেছনে তাকানোর সুযোগ নেই। নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

বুধবার টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির : বুধবার টাঙ্গাইলে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখা। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত আমিরের আগমন উপলক্ষে আমরা সব ধরনের প্রস্ততি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে।

আমরা আশা করছি, জামায়াতে ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। তিনি বলেন, সমাবেশে জামায়াত আমিরের সাথে উপস্থিত থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত