ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধ নিয়ে বেকায়দায় ট্রাম্প

যুদ্ধ নিয়ে বেকায়দায় ট্রাম্প

ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট লক্ষ্য বা প্রস্থান কৌশল নির্ধারণ করতে না পারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক ধরনের অচলাবস্থার মুখে পড়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধের মধ্যেই এক জ্যেষ্ঠ মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা পদত্যাগ করে প্রকাশ্যে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয় এবং তিনি এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করেননি। বিশেষজ্ঞদের মতে, একতরফাভাবে যুদ্ধ শেষ করা সম্ভব নয়—এ জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আর ইরান এখনো আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দেয়নি।

ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ইরানের পাল্টা হামলার ব্যাপ্তি তাকে বিস্মিত করেছে। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা পরিস্থিতিকে আরও বিস্তৃত করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তেলের দাম বেড়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে ন্যাটোসহ ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দিয়ে সামরিক সহায়তা থেকে বিরত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। কাউন্সিল অন ফরেন রিলেশননের সাবেক প্রধান রিচার্ড হ্যাস বলেন, এই যুদ্ধ থামাতে ইসরায়েল ও ইরান—উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আরেক বিশ্লেষক সিনা টোসি মনে করেন, সম্মান রক্ষা করে একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে বাস্তবসম্মত পথ। জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, এই যুদ্ধ ন্যাটোর বিষয় নয় এবং জার্মানি এতে অংশ নেবে না। বিশ্লেষকদের মতে, বর্তমানে এই সংঘাতে ভালো কোনো সমাধান নেই- শুধু কম ক্ষতিকর বিকল্প রয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছানো ছাড়া বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের : ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। খবর বিবিসির। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দুজন নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোসহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন, এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো অস্ট্রেলিয়ান নাগরিক আহত হননি এবং সবাই নিরাপদ আছেন। ওই ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির দিকে যাওয়ার একটি সড়কে আঘাত হানার ফলে স্বল্প আকারে আগুন লাগে। তবে এ কারণে একটি আবাসিক ভবন ও একটি চিকিৎসা স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সেনাপ্রধানের হুমকি : ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার ঘটনায় তারা ‘চূড়ান্ত’ পাল্টা জবাব দেবে। এক বিবৃতিতে হাতামি বলেন, উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। তিনি লারিজানি ও অন্যান্য ‘শহীদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন ওই বিবৃতিতে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা এরই মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপিও একই ধরনের খবর দিয়েছে।

লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না- পররাষ্ট্রমন্ত্রী আরাগচি : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় দেশটির নেতৃত্বে মারাত্মক ধাক্কা লাগবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার আল-জাজিরাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলতে শোনা যায় আরাগচিকে। সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, আমি জানি না কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো এই বিষয়টি বুঝতে পারেনি যে, ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে। এখানে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান ও একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোর ওপর প্রভাব ফেলে না।

আরাগচি বলেন, অবশ্যই ব্যক্তিরা প্রভাবশালী ও প্রত্যেকে তাদের নিজ নিজ ভূমিকা পালন করেন। কেউ ভালো, কেউ কম ভালো, কেউ কম গুরুত্বপূর্ণ’; কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইরানের রাজনৈতিক ব্যবস্থা একটি অত্যন্ত শক্তিশালী কাঠামো। তিনি ইঙ্গিত দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মতো এত বড় জাতীয় ক্ষতির পরও সব ‘ব্যবস্থা চালু ছিল।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলী খামেনির চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ ছিলেন না। সেই নেতাও শহিদ হয়েছেন, তবুও ‘ব্যবস্থা’ তার কাজ চালিয়ে গেছে ও সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। যদি অন্য কেউ শহিদ হন, তখনও একই পরিস্থিতি হবে। তিনি যোগ করেন, যদি কোনো সময় পররাষ্ট্রমন্ত্রীও শহীদ হন, শেষ পর্যন্ত অন্য কেউ এসে সেই দায়িত্ব গ্রহণ করবে।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকরা বুধবার জানিয়েছেন, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের কাছে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে শহরের একটি স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর জাতীয় রেলওয়ে সংস্থা তাদের কার্যক্রম স্থগিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান ও লেবাননে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের পর রাতভর চলা এই হামলায় মধ্য ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ফলে পুরো এলাকাজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। গত মাসের শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। পুলিশের মুখপাত্র ডিন এলসডান বলেছেন, তেল আবিবের ঠিক বাইরে অবস্থিত শহর রামাত গানে একটি আবাসিক ভবন ক্লাস্টার বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে। ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অতীতে ইরান এবং ইসরায়েল একে অপরকে অভিযুক্ত করেছে। এগুলো মাঝ-আকাশে বিস্ফোরিত হয় এবং একটি বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা একটানা কয়েকটি বিকট শব্দের মতো শুনতে পেলাম... এটা শুধু একটা ছিল না, এটা ছিল একটা বিভক্ত ক্ষেপণাস্ত্রের মতো। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসকদের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখেছি। চিকিৎসা পরিষেবা জানিয়েছে, তেল আবিব এলাকার আরেকটি শহর বনি ব্রাকে এক ব্যক্তিও সামান্য আহত হয়েছেন।

লারিজানিকে হত্যার পর ইসরায়েলে বড় হামলা চালিয়েছে ইরান : ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর কাফর কাসেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে চ্যানেল-১২। প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তেল আবিব জেলার কাছাকাছি রামাত গান শহরে ধ্বংসাবশেষের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসি জানায়, ইসরায়েলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে। এই হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।

আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা : আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বুধবার সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি। খবর এএফপির।

সিডনির স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে আল মিনহাদ ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি যে কোনো অস্ট্রেলীয় সেনা আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন। অস্ট্রেলীয় এই নেতা বলেন, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসন ব্লক এবং একটি চিকিৎসা কেন্দ্রের ?‘সামান্য ক্ষতি’ করেছে। দুবাই থেকে মাত্র ২৪ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটি ২০০৩ সাল থেকে অস্ট্রেলীয় বাহিনীকে আশ্রয় দিয়ে আসছে এবং এটি মধ্যপ্রাচ্যে দেশটির অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। অস্ট্রেলীয় সামরিক বাহিনীর মতে, অনেক সময় ঘাঁটিতে ৮০ জন পর্যন্ত অস্ট্রেলীয় সেনা অবস্থান করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ওই ঘাঁটিটি একটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছিল।

সৌদি আরবের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলা : সৌদি আরবের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। খবর এএফপির। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস এলাকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কয়েকটি ড্রোন এবং রিয়াদের দক্ষিণ-পূর্বে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত প্রধান প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সৌদি-কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলা : সৌদি আরব, কুয়েত এবং ইরাকে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি আলাদা বিবৃতিতে বুধবার জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অপরদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। ড্রোনের কারণে সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের : এবার ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এ দাবি করেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে মাত্র দুইদিনের মধ্যে এটি হবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তৃতীয় বড় হত্যাকাণ্ড। এর আগে, গত মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই হত্যাকাণ্ড ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান বলছে, এসব হত্যাকাণ্ড তাদের নেতৃত্ব কাঠামোকে ভেঙে দিতে পারবে না। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আল-জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নেতাকে হত্যা করা হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে এবং কার্যক্রম চলতে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত