ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পাঠ্যবই, ওষুধ ও অবকাঠামোতে সরকারি ক্রয় প্রস্তাব অনুমোদন

পাঠ্যবই, ওষুধ ও অবকাঠামোতে সরকারি ক্রয় প্রস্তাব অনুমোদন

পাঠ্যপুস্তক মুদ্রণ, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও কম্বল কেনা, হাসপাতাল ও একাডেমিক ভবন নির্মাণ, সড়ক উন্নয়নসহ বিভিন্ন সরকারি অবকাঠামো প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ব্যয় সমন্বয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৯৮টি লটের মধ্যে ৯৪টি লটে অতিরিক্ত ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২টি বই মুদ্রণ করা হবে। এতে মূল চুক্তিমূল্য ১৮৭ কোটি ১১ লাখ টাকা থেকে ২৩ কোটি ৬৮ লাখ টাকা বেড়ে ২১০ কোটি ৭৯ লাখ টাকা হবে। ব্যয় বৃদ্ধির হার প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবে চতুর্থ সেক্টর কর্মসূচির অসমাপ্ত পরিবার পরিকল্পনা, মাতৃ, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার বার (সাইকেল) তৃতীয় প্রজন্মের খাবার জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৫ লাখ টাকা। এ জন্য পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে রাজস্ব বাজেটের অর্থায়নে ই-জিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাঁচটি প্যাকেজে কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০ কোটি ৫৪ লাখ টাকা। এর একটি প্যাকেজে জিসাস ফ্যাশন লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

সড়ক ও অবকাঠামো উন্নয়ন : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ২৬৬ কোটি ১৫ লাখ টাকার কার্যাদেশ অনুমোদন করা হয়েছে। এ কাজের জন্য রানা বিল্ডার্স (প্রা.) লিমিটেডকে ঠিকাদার হিসেবে সুপারিশ করা হয়েছে। এছাড়া শিকলবাহা থেকে আনোয়ারা পর্যন্ত কর্ণফুলী টানেল সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় বাড়বে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। ফলে মূল চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৫ লাখ টাকা থেকে বেড়ে ৩২৩ কোটি ৫ লাখ টাকা হবে। এ ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির হার ২১ দশমিক ৩৭৯ শতাংশ। রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় সাততলা ভিত্তির ওপর সাততলা হাসপাতাল ভবন এবং একই ধরনের ভিত্তির ওপর একটি একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। হাসপাতাল ভবন নির্মাণে ২৩০ কোটি ৮৬ লাখ টাকা এবং একাডেমিক ভবন নির্মাণে ১০৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে। হাসপাতাল ভবনের কাজের জন্য নূরানী কনস্ট্রাকশন লিমিটেড এবং একাডেমিক ভবনের জন্য ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেডকে ঠিকাদার হিসেবে সুপারিশ করা হয়েছে। চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় বাড়বে ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ৩ হাজার ৫১৩ কোটি ৭০ লাখ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ২৯ দশমিক ১৮ শতাংশ বেশি। এ কাজের জন্য ম্যাক্স-র‍্যাঙ্কেন জেভিকে ঠিকাদার হিসেবে সুপারিশ করা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনা ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ : ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) আওতায় খতিয়ান ও হোল্ডিং রেকর্ডের তথ্য অন্তর্ভুক্তি, যাচাই ও সংশোধনের জন্য পরামর্শক সেবা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ কাজে ব্যয় হবে ৩৬১ কোটি ৯৭ লাখ টাকা। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে পরিচালিত রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের প্রথম সংশোধিত সংস্করণের আওতায় মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ৩২৬ কোটি টাকা। এ কাজের জন্য ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে ঠিকাদার হিসেবে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত