
রাসুল (সা.) যুদ্ধে যাবেন। সঙ্গে নেবেন একজন স্ত্রী। কিন্তু কে হবেন সেই ভাগ্যবতী! দুরু দুরু কাঁপছে সবার বুক। আশা-নিরাশার দোলাচলে দুলছেন সবাই। রাসুল (সা.)-এর পদ্ধতি একটু ভিন্ন। কেউ যেন কষ্ট না পায়, সেই ব্যবস্থা নিলেন। লটারি করলেন। যার নাম উঠবে, সে-ই হবেন সহযাত্রী। সবার চোখে হতাশার ছাপ ফেলে হেসে উঠলেন আয়েশা (রা.)। তার নাম এসেছে। খুশিতে আন্দোলিত হলো তার কিশোরী মন। পবিত্র স্নিগ্ধ হাওয়া চারপাশে বয়ে গেল যেন। তিনি প্রস্তুত হলেন প্রিয়তমের সঙ্গে বেরুবার।
রীতিমতো যুদ্ধ হলো। বিজয়ধ্বনি উঠল মুসলিমশিবিরে। আনন্দে মাতোয়ারা মুসলিমবাহিনী। সবাই ফিরছেন মদিনার পথে। দীর্ঘপথ। রাসুল (সা.) বিরতি দিলেন খানিকটা। এ ফাঁকে যে যার প্রয়োজন সেরে নিল। প্রাকৃতিক প্রয়োজনে আয়েশা (রা.) বেরুলেন তার হাওদা থেকে। শিবির থেকে খানিক দূরে সরে এলেন। ফিরতি পথে খেয়াল করলেন, তার গলার হারটি নেই। খুঁজতে লাগলেন। এদিকে কাফেলা ছাড়ার সময় হলো। যাত্রা করল তারা। আয়েশা (রা.) তখন হাল্কা গড়নের। তার হাওদাবাহীরা শূন্য হাওদা উঠিয়ে নিল। টেরই পেল না, হাওদা ফাঁকা।
অনেক খুঁজে হার পাওয়া গেল। আয়েশা (রা.) ফিরে এসে হতভম্ব হলেন। কাফেলা নেই। সাতপাঁচ ভেবে ওখানেই বসে পড়লেন। ভাবলেন, কাফেলা যখন দেখবে তিনি নেই, তখন তাকে নিতে আসবেই। রাত নেমে এলো। ঘুমে ঢুলু ঢুলু আয়েশা (রা.)-এর চোখ। ওখানেই ঘুমিয়ে পড়লেন। বাহিনী ফিরতি পথে কিছু ফেলে এসেছে কি-না, তা দেখার দায়িত্ব ছিল সাফওয়ান ইবনে মুআত্তালের। যথারীতি কাজে নেমে গেলেন তিনি। সকাল হয়ে গেছে তখন। দূর থেকে একটি ঘুমন্ত মানুষের আবছায়া ভেসে উঠল তার সামনে। এগিয়ে গেলেন। আয়েশা (রা.)-কে দেখেই ইন্নালিল্লাহ বলে উঠলেন। পর্দার বিধান আসার আগে আয়েশা (রা.)-কে দেখেছিলেন। চিনতে অসুবিধা হয়নি তাই।
ইন্নালিল্লাহর শব্দ শুনে আয়েশা (রা.)-এর ঘুম ভাঙল। তড়িঘড়ি ঢেকে নিলেন মুখ। আর কোনো কথাই হয়নি তাদের। সাফওয়ান উট নিয়ে এলেন। আয়েশা উঠে বসলেন উটে। উটের লাগাম ধরে এগিয়ে যাচ্ছেন সাফওয়ান। আয়েশা (রা.) পেছনে। তখন বেশ দুপুর। খাঁ খাঁ রোদ্দুর। মরুভূমির প্রখর তাপ থেকে বাঁচার জন্য বাহিনী বিশ্রাম নিচ্ছে। ততক্ষণে আবদুল্লাহ বিন উবাই বিন সালুল তার কাজ সেরে ফেলেছে। কুৎসা রটিয়েছে গোটা বাহিনীতে। আয়েশা (রা.) ও সাফওয়ানকে নিয়ে কল্পকাহিনী জুড়ে দিয়েছে। গোটা মদিনা স্তব্ধ।
মদিনায় ফিরেই আয়েশা (রা.) অসুস্থ হয়ে পড়লেন। চারপাশে মানুষের মুখে মুখে যে গল্প চলছে, কিছুই টের পেলেন না তিনি। রাসুল (সা.)-এর যত্ন কী একটু কমে গেল! আগে অসুস্থ হলে যে মায়াভরা কণ্ঠে অসুস্থতার কথা জিজ্ঞেস করতেন, এখন তার কিছুই করছেন না। ঘরে ঢুকেই কেমন আছ বলে চুপ বনে যান। কথা হয় না আর। আয়েশা (রা.) একটু সন্দীহান হলেন। কিছু একটা হয়েছে, তবে জানেন না তিনি।
এক রাতে উম্মে মাসতাহর সঙ্গে তিনি বেরুলেন। কাজ শেষে যখন ফিরবেন, তখন 'মাসতাহ ধ্বংস হোক।' বলে উম্মে মাসতাহ অভিশাপের বাক্য উচ্চারণ করল। আয়েশা অবাক হলেন। বললেন, 'এমন নিকৃষ্ট কথা বললে! মানুষটা বদরে যুদ্ধ করেছে।' উম্মে মাসতাহ বললেন, 'তুমি কী শোনোনি, সে কী বলেছে!' আয়েশা (রা.) বললেন, 'কী বলেছে?' উম্মে মাসতাহ বলল, 'তোমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে।'
আয়েশা যেন এবার ভেঙে পড়লেন। অসুখ বেড়ে গেল তার। ঘরে যখন ফিরলেন, রাসুল (সা.) এলেন। রোজকার মতোই জিজ্ঞেস করলেন, 'কেমন আছ?' আয়েশা (রা.) বললেন, 'বাবা-মায়ের কাছে যাব। অনুমতি দেবেন কী?' আয়েশা (রা.) তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছিলেন সবটা। রাসুল (সা.) অনুমতি দিলেন। আয়েশা (রা.) ফিরে গেলেন। মাকে জিজ্ঞেস করলেন, 'কী হচ্ছে এসব?' আয়েশা (রা.)-এর মা অল্প কথায় বুঝিয়ে দিলেন। সে রাতে আয়েশা (রা.) আর ঘুমাতে পারেননি। চোখের জল ঝরেছে অবারিত ঝরনার মতো। সকালেও কাঁদলেন।
রাসুল (সা.) তখন আলী ইবনে আবু তালেব আর উসামা বিন যায়েদ (রা.)-কে ডাকলেন। দু'জনের কাছে পরামর্শ চাইলেন স্ত্রীকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। উসামা বিন যায়েদ (রা.) বললেন, 'আল্লাহর রাসুল! তিনি আপনার স্ত্রী। তার ব্যাপারে ভালো বৈ খারাপ কিছুই জানি না।' আলী (রা.) বললেন, 'ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তো তার মাঝেই সীমাবদ্ধ করেননি আপনাকে। সে ছাড়া কত নারী আছে!' রাসুল (সা.) তখন বারিরাকে ডাকলেন। তাকে জিজ্ঞেস করলেন, 'আয়েশার ব্যাপারে সন্দেহজনক কিছু দেখেছ?' সে উত্তর দিলো, 'আল্লাহর কসম ইয়া রাসুলাল্লাহ! সে তো শুধু কিশোরী। আটা মাখতে গিয়ে যে ঘুমিয়ে পড়ে। কোনো প্রাণি এসে সেটা খেয়ে ফেলে।' রাসুল (সা.) তখন দাঁড়িয়ে গেলেন। ক্ষমা চাইলেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। (বাকি অংশ আগামী পর্বে, ইনশাআল্লাহ)।
(তাফসিরে ইবনে কাসির : ৩/৩৩০-৩৩২, আর রাহিকুল মাখতুম : ৩০৪)।