ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে

বললেন স্থানীয় সরকার মন্ত্রী
পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে

বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে, বিশেষত রাজধানী ঢাকা শহরে। এ সময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত।

এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত