
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ‘ওভারসিজ ট্রেনিং ফর টিচার্স’ কর্মসূচির আওতায় গত ৫ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন জাপানের একটি শিক্ষক প্রতিনিধি দল। আট দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবা এবং বাংলাদেশে জাপানের সহযোগিতা কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন। জাপানের শিক্ষকদের আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং তাদের মাধ্যমে দেশটির শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক বিষয় সম্পর্কে আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির উদ্দেশ্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে পরিচালিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা বিদেশে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ফলোআপ কার্যক্রম পরিচালনা করেন।
বাংলাদেশ সফরে শিক্ষকরা সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালিত বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং কুমন সেন্টার ঘুরে দেখেন। ঢাকার পাশাপাশি অন্যান্য শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তারা।
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি জাপানি প্রতিষ্ঠান পরিদর্শন করেন শিক্ষকরা। বাংলাদেশের শিল্প খাতে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। একইসঙ্গে ঢাকা এমআরটি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ও সরকারি সেবা কার্যক্রম পরিদর্শন করেন।