
কোনো গণতান্ত্রিক সরকার কখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার এ ধরনের বেআইনি পথ বেছে নেওয়াকে সমর্থন করে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শুধু সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা বলেন, একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এসব কাজের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রকে তারা মাস্তানে পরিণত করেছিল। বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কুমতলব নেই। তাই সরকার এমন কিছু করবে না যাতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাগজে-কলমে আদেশ হলেও কোনো বেআইনি নির্দেশ পালন করতে তারা বাধ্য নন। পুলিশ প্রধানের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাবুঝি দূর করেছেন। এ ইস্যুতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে বিবেচনা করবেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নেওয়া বা উসকানি দেওয়ার চেষ্টা করা মাত্রই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার প্রতিনিয়ত এ কঠোর বার্তা দিচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।