
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও জনগণের প্রতি আচরণের উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকারের কার্যক্রমে তাঁদের দায়িত্ব ও কাজের পরিধি দিন দিন বাড়ছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ, মাদকবিরোধী কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মো. জুয়েল রানা। এ ছাড়া বক্তব্য দেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।