
কুষ্টিয়ার হরিনারায়ণপুরের শিবপুরে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাড়ে ১৫শ রোগীকে বিনামূল্যে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। পাশাপাশি ছানি, নেত্রনালীর সমস্যা ও চোখে মাংস বৃদ্ধিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। দোয়ারকা দাস ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ক্যাম্পে সহযোগিতা করে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও গীতাঞ্জলি জুয়েলার্স। দিনব্যাপী ক্যাম্পে চারজন চক্ষু চিকিৎসকসহ ১২ সদস্যের একটি মেডিকেল টিম রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।