ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন

পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন

জমির সীমানা নিয়ে বিরোধ, খতিয়ানে ভুল ও জমির পরিমাণে গরমিলসহ ভূমিসংক্রান্ত জটিলতা এড়াতে পটুয়াখালী সদর উপজেলার ২৬ নম্বর (এসএ-৩৮ নম্বর) পটুয়াখালী মৌজায় শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম। জরিপের মাধ্যমে নির্ভুল নকশা ও ভূমি রেকর্ড প্রণয়নের পাশাপাশি জমির মালিকদের সচেতন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এবং ডিজিটাল জরিপযন্ত্র পরিচালনার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন পটুয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মো. অপু সরোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাব হোসেন চৌধুরীর প্রতিনিধি অ্যাডভোকেট শরিফ মো. সালাউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. রুবেল হোসাইন, সরকারি কৌঁসুলি (জিপি) মো. আব্দুল্লাহ ইউসুফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জোনের ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আল-মুক্তাদির হোসেন। পরে ডিজিটাল জরিপের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেয়ার (গ্রেড-১) মো. জাহিদ হোসেন। অতিথিদের বক্তব্য ও মুক্ত আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত