
বাংলাদেশ থেকে ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে আনুমানিক আড়াই বছর বয়সি রাজিব উদ্দিনকে দত্তক হিসেবে পাঠানো হয় নেদারল্যান্ডসে। সেখানেই তার বেড়ে ওঠা। তবে তিনি বার বার বাংলাদেশে ফিরে আসছেন তার শিকড়ের খোঁজে। বর্তমানে ৪৯ বছর বয়সি রাজিব বলেন, "আমি পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডে আমার সবকিছু আছে আমি সেখানে খুব ভালো আছি। "কিন্তু আমার খুব ফাঁকা লাগে-যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মত হয়েছি-বাবার মত নাকি মায়ের মত।" এই উত্তরের খোঁজেই তিনি ২০১৫ সাল থেকে ছয় দফায় বাংলাদেশে এসে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন বাবা-মাকে। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদা রহিম উদ্দিন। ঠিকানা কুমিল্লা জেলার নবীগঞ্জ থানার পেয়ারা কান্দি গ্রাম।
জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে পেয়ারা কান্দি গ্রামের নাম দেয়া হয়েছে-সে অঞ্চলটি কোনো এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। ফলে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওইগ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনো একটি গ্রাম। পেশায় সমাজকর্মী রাজিব উদ্দিন বলেন, "এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন ব্যক্তি জানিয়েছে তিনি আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি-আমার সাথে মিলছে না।" রাজিব সর্বশেষ কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে তার পাসপোর্টের ঠিকানায় থাকা গ্রামের খোঁজ নেন। এ সময় তিনি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে দেখা করেন। ওই জায়গাটি আসলে কোথায় তা জানতে প্রশাসনের সাহায্য চান। এ বিষয়ে রাজিব মাহমুদ মিঠুন বলেন, "আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।