ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি

রোড সেফটি ফাউন্ডেশন
সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি

২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক পরিসংখ্যানে ওঠে এসেছে। সংস্থাটির তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের প্রাণহানি এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে। আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, 'পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।' তিনি জানান, আরএসএফের একটি পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে , ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির প্রবণতা বাড়ছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। পরিবারভিত্তিক তথ্যে দেখা যায়, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন নিহত এবং আরও ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত