
চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরা হবে। নতুন মন্ত্রিপরিষদ সচিব নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূখ্য সচিব হিসেবে কাজ করবেন সিরাজ মিয়া।
শেখ আব্দুর রশীদ বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে গৃহীত হয়নি। এখন আদেশ হয়েছে। শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। কিন্তু ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী তার চলতি বছরের ৭ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আট মাস আগেই সরে যেতে হলো তাকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শেখ আব্দুর রশীদ রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।