
প্রায় দেড় বছর বসবাসের পর শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়তে পারেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরপর মাসখানেকের সংস্কার শেষে ভবনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওঠার কথা রয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। ২০২৪ সালের ৮ অগাস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর যমুনায় ওঠেন ইউনূস। এরপর সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্বে এলেও তিনি এখনও যমুনা ছাড়েননি। এরমধ্যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকালে যমুনা ছাড়ার কথা রয়েছে ইউনূসের। তবে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নতুন সরকার গঠন করার পর থেকেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কয়েকবার যমুনা ছাড়ার কথা বলা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার ছাড়বেন বলে আমাদের জানিয়েছেন। তারপরের কথা জানি না। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, উনার বাসা ছাড়ার বিষয়টা অতিরিক্ত প্রধান প্রকৌশলী দেখছেন, আজকে ছাড়ার বিষটি আমার জানা নেই, তবে শনিবার বিকালে যমুনা ছেড়ে দেওয়ার কথা। খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী যমুনায় থাকবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন। মাসখানেক সময় লাগবে প্রধানমন্ত্রী বাসবভবনের কিছু কাজ আছে, তা করতে। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে থাকছেন। তিনি সেখান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন। ২০০৮ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনে থেকেছেন।