ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তিন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তথ্যমন্ত্রীর

তিন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নির্বাচন পরবর্তী বিভিন্ন উন্নয়নের অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি প্রথম পর্যায়ে তিনটি অগ্রাধিকারমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রামীণ সড়ক ও জনপদ অবকাঠামো উন্নয়ন, স্কুল-কলেজ-মসজিদণ্ডমাদরাসায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রী। গতকাল শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রতিশ্রুতি দেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ????‘আমি কথা দিতে নয়, কাজ করতে এসেছি। জনগণের আস্থা ও সহযোগিতায় আমরা একটি আধুনিক, উন্নত ও নিরাপদ এলাকা গড়ে তুলব।’ মন্ত্রী বলেন, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নের প্রথম শর্ত যোগাযোগব্যবস্থা। সড়ক ভালো না হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা সবই বাধাগ্রস্ত হয়। তাই এলাকায় ভাঙাচোরা ও কাঁচা সড়কগুলো দ্রুত সংস্কার ও পাকা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং প্রয়োজনে নতুন সেতু-কালভার্ট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এরইমধ্যে এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষাখাতকে দ্বিতীয় অগ্রাধিকার দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটি শিক্ষিত প্রজন্মই পারে একটি উন্নত সমাজ গড়তে। এলাকার স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসায় আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, শ্রেণিকক্ষ সংস্কার, শিক্ষক সংকট নিরসন এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে কাজ করা হবে।’ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা কার্যক্রম জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি। ধর্মীয় ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে তিনি এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কথা জানান। মন্ত্রী বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করতে হবে। শান্তি ও উন্নয়নের জন্য সন্ত্রাস দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার, সচেতনতামূলক প্রচারণা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত