
পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন নিয়ে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে মাগুরার মহম্মদপুর ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, তিনি কখনও বলেননি যে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি পুনর্বহাল করা হবে। তবে এবারের পহেলা বৈশাখের আয়োজন নতুন আঙ্গিকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষ্য, ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে স্বীকৃতি দিলেও সেই নাম ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্য ও সর্বজনীনতা বজায় রাখার লক্ষ্যেই নতুন নাম বিবেচনা করা হচ্ছে। শিগগিরই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই আয়োজনের বিষয়ে নির্দেশনা আসতে পারে।
এ সময় তিনি অভিযোগ করেন, তার পূর্বের বক্তব্য গণমাধ্যমে সঠিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়নি, যার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে।
বক্তব্যে দেশের সামগ্রিক অগ্রগতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সম্ভাবনাময় বাংলাদেশ অতীতে সঠিক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। একইসঙ্গে বিদেশি শক্তির প্রভাব ও সম্পদ আহরণের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।