ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

‘দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রব্যবস্থা ‘উন্নত এভিওনিকস এবং অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত’ এবং এটি ‘দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাবাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত নির্ভুলতা ও অধিক টিকে থাকার সক্ষমতার জন্য সংযোজিত বিভিন্ন সাবসিস্টেমের কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।’ আইএসপিআর জানায়, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু ফাতাহ-৪-এর ‘সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের’ প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা এফ-সিরিজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে অবদান রাখা সংশ্লিষ্ট সবার প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।

বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যার মাত্র তিন সপ্তাহ আগে আর্মি রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করেছিল। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত