ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো: সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, সালমান এফ রহমান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান- স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ঋণ ও রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে এসব মামলা করা হয়েছে। প্রথম মামলায় স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ১৪১ কোটি ২৮ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনস লিমিটেডের নামে প্রায় ৪১৭ কোটি চার লাখ টাকা এবং তৃতীয় মামলায় মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে প্রায় ৫৬৩ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে অভিযোগের পরিমাণ এক হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা। প্রথম মামলায় স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২২ জন, দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ২২ জন এবং তৃতীয় মামলায় মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সালমান এফ রহমান ছাড়াও বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী ওরফে ও কে চৌধুরী এবং এ বি সিদ্দিকুর রহমান রয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা এবং জনতা ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা মঞ্জুরের পর ব্যাক-টু-ব্যাক (বিবি) এলসির মাধ্যমে নিজেদের মধ্যে পণ্য আমদানি-রফতানির নামে অ্যাকোমডেশন বিল তৈরি করে অর্থ আত্মসাৎ করা হয়। পরে এসব অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত